মনোনয়নপত্র জমার আজ শেষ দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। এ পর্যন্ত নিবন্ধিত ২৬টি রাজনৈতিক দলের মনোনীতরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিকেল চারটায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে। দু-একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন জানালেও এখন পর্যন্ত তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।
নির্বাচনে অংশ নেওয়ার তালিকায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদসহ ১৮টি নিবন্ধিত দলের নাম নেই। তবে, সব মিলিয়ে ৩১টি রাজনৈতিক দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে সই করবেন, তা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে- ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফ্রন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (একাংশ), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
