নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন : পীর চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার সকাল ১০টায় বরিশালের চরমোনাই ময়দানে বাৎসরিক মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কখনো অন্যায়ের সামনে মাথা নত করিনি। যত বড় বাধার পাহাড় আসুক সত্যের পথ থেকে বিচ্যুত হইনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হয়েছে। কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে আদর্শিক জনশক্তি উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ বলেন, অন্যান্য সংগঠনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হিসেবে দেখা হয় কে কত সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত। ভোটকেন্দ্র কে দখল করতে পারবে, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য গঠন করতে পারবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্ব দেওয়ার আগে যাচাই করা হয় জ্ঞান এবং সৎকর্ম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, সংসদ নির্বাচনে নায়ক, গায়ক ও খেলোয়াড়দের মনোনয়ন দিয়ে জাতীয় সংসদকে তামাশার মঞ্চে পরিণত করেছে জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার যে পাঁয়তারা তা ছাত্র-জনতা কোনোভাবেই সহ্য করবে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন সংগ্রামী আমিরের নেতৃত্বে জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ঐক্যবদ্ধ সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে।
ছাত্র সমাবেশে আরো বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মানসুর আহমাদ সাকী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি নূরুল বশর আজিজী প্রমুখ।
