মনোনয়নের দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী যাঁরা
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনটি সংসদীয় আসনের মনোনয়ন ফরম তুলেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার তিনি এই তিন আসনেই ফরম জমা দিয়েছেন। সাকিব ছাড়াও এসব আসনে আওয়ামী লীগের স্থানীয় বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী। এখন চূড়ান্ত মনোনয়ন কে পান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাকিব ছাড়াও মাগুরা-১ (সদর, শ্রীপুর) আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুজ্জামান শিখর, সাবেক এমপি এ টি এম আব্দুল ওয়াহ্হাব, জেলা আওয়ামী লীগের নেতা এস এম শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মিরুল ইসলাম।
সাকিবের মনোনয়ন ফরম তোলার খবর শুনেই মিশ্রপ্রতিক্রিয়া তৈরি হয়েছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মাঝে।
জেলা আওয়ামী লীগের শ্রম ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাজেদুল হক বলেন, সাকিব আল হাসান ক্রিকেটে ভালো খেলোয়াড়। কিন্তু জেলার রাজনীতিতে তাঁর অবস্থান কোনো দিন ছিল না, এখনো নেই।
মাজেদুল হক বলেন, জনপ্রতিনিধি হতে হলে সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে এমন কোনো কথাও নেই।
একই সুরে কথা বলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম। তাঁর মতে, নির্বাচন এলে অনেকেই মনোনয়ন ফরম কেনেন। তাঁর আশা থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতা ও জনসম্পৃক্ততা দেখেই চূড়ান্ত মনোনয়ন দেবেন।
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ি সদরের কেশবমোড়ে। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে সাকিবের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে গতকাল মঙ্গলবার দুপুরে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে সম্প্রতি সাকিবের বাবা মাশরুর রেজা কালের কণ্ঠকে বলেছিলেন, স্থানীয়দের মাঝে সাকিবের মনোনয়ন ফরম তোলা নিয়ে আগে থেকে আলাপ ছিল। এ নিয়ে সাকিবকে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু তখন তিনি (সাকিব) তেমন আগ্রহ দেখাননি।
