হাম ও উপসর্গে প্রাণহানি ৮৫০ ছুঁইছুঁই
সিলেটের সময় ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে দেশে ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। একই সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৬ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৪৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৯ হাজার ১৮৯ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৬ হাজার ৪০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
