যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এলাকায় গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩

 আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিংমল এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর এ ঘটনা ঘটে। 

নগর কর্তৃপক্ষের ভাষ্যমতে, শনিবার দুপুর আড়াইটার দিকে একটি রেস্টুরেন্টের কাছে প্রথম গুলির ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, হামলাকারী হাতে রাইফেল নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন এবং একপর্যায়ে পার্কিং লটে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। খবর পেয়ে টুইন ফলস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ জানায়, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

এক সংবাদ সম্মেলনে টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস নিশ্চিত করেন যে, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই। তিনি জানান, হামলাকারীর পরিচয় এবং এ ধরনের ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানার জন্য তদন্ত চলছে। পুলিশ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পুলিশ এখনও কাজ করে যাচ্ছে।

ঘটনার পরপরই সুরক্ষার স্বার্থে শপিং এলাকার আশেপাশের রাস্তা এবং একটি নিকটবর্তী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, ম্যাজিক ভ্যালি অঞ্চলের প্রায় ৪৭৪০০ বাসিন্দার শহর টুইন ফলস হলো যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার সর্বশেষ শিকার। সম্প্রতি ওয়াশিংটনের সিয়াটলে একটি খাদ্য উৎসবে ১৯ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই নতুন হামলাটি ঘটল। সাম্প্রতিক সময়ে শোভাযাত্রা, ধর্মীয় উপাসনালয় ও সাধারণ সামাজিক উৎসবগুলোতে একের পর এক বন্দুক হামলার ঘটনায় পুরো যুক্তরাষ্ট্র জুড়েই উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

এ বিভাগের অন্যান্য