প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ

সিলেটের সময় ডেস্ক :

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

 প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রমুখ।

এদিকে সাক্ষাতের পর এক্সের এক বার্তায় সার্জিও গোর লিখেছেন, ‘আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী রাহমানের সঙ্গে সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিকে আরো দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগ নিয়ে আলোচনা করেছি।

তা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’ 

পরে বিশেষ দূত সার্জিও গোরের বক্তব্যটি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

পরে গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। 

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সার্জিও গোর বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি।’

 

তা ছাড়া বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা কমানোর সুখবর দিয়ে এক্সে দেওয়া আরেক বার্তায় সার্জিও গোর লেখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মাঠ পর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশকে ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ বলে মনে করেছে। সেই অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ লেভেল তিন থেকে কমিয়ে লেভেল দুইয়ে নামিয়ে আনা হয়েছে।

কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত বিধি-নিষেধ রয়েছে এবং সেগুলো এড়িয়ে চলা উচিত। দারুণ খবর।’
এ বিভাগের অন্যান্য