অসুস্থ সোনম ওয়াংচুককে দেখতে মাঝরাতে হাসপাতালে দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক  ঃ

 

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং মেদান্ত মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সোনমের সঙ্গেও সাক্ষাৎ করেন।

তবে তাদের আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। 

২৬ দিন ধরে অনশনরত সোনমের সঙ্গে কেন্দ্রীয় দুই মন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে আদালতের নির্দেশে মঙ্গলবার সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও এখনও অনশন ভাঙেননি।

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক ২৬ দিন ধরে অনশন করছেন। যন্তর মন্তরে ২১ দিন অনশনের পর গত শনিবার পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। পরে সোনমের স্ত্রী গীতাঞ্জলী দিল্লি হাইকোর্টে তাকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুল্যান্সে করে তাকে মেদান্ত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, সোনম ওয়াংচুকের আন্দোলনকে ঘিরে জাতীয় রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে। সংসদের চলমান অধিবেশনে বিরোধী দল পরীক্ষায় অনিয়ম ও আন্দোলনকারীদের ওপর পুলিশি ব্যবস্থার সমালোচনা করেছে। সরকার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত এবং পরীক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য