ফাইনালে হাতাহাতির পর নতুন বিতর্কে পারেদেসের বোন

খেলাধুলা ডেস্ক ঃ

 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর নতুন বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বোন বারবারা পারেদেস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ফাইনালে হারলেও বারবারা বলেন, ‘আমরা এত দূর পর্যন্ত এসেছি এবং পথে ইংল্যান্ডকে হারিয়েছি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন।’

তবে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয় তার পরের মন্তব্যে। তিনি লেখেন, ‘হয়তো আমাদের চতুর্থ তারকা নেই, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আমাদের।’

এই রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই তার বক্তব্যের সমালোচনা করেন, আবার অনেকে বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র ও মন্তব্য ছড়িয়ে দেন। এ ছাড়া চেহারায় ভাই লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে তার মিল নিয়েও ব্যাপক আলোচনা হয়।

এদিকে বোনের মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনায় ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস। তবে তার ক্লাবে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পেনের বিপক্ষে ফাইনালের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন পারেদেস। ফলে দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় তার দলের প্রথম ম্যাচে খেলতে না-ও পারেন তিনি। আর্জেন্টিনার একটি ক্রীড়া দৈনিক জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে পাঁজরের হাড় ভাঙা অবস্থায় খেলেছিলেন এই মিডফিল্ডার। তাই সামনে তার মাঠে ফেরাও অনিশ্চিত।

অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া সহিংস ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সংস্থাটি ম্যাচের রেফারির প্রতিবেদন ও সম্প্রচারিত ভিডিও ফুটেজ খুঁটিয়ে পর্যালোচনা করবে। এরপর আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপন করতে মাঠে নামতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এরপরই শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি। সেই ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেন।

মাঠের পাশেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে আর্জেন্টিনার সহকারী কোচ রোবের্তো আয়ালা স্পেনের দানি ওলমোকে ধাক্কা দেন বলেও অভিযোগ উঠেছে। এই পুরো ঘটনাই এখন ফিফার তদন্তের আওতায় এসেছে।

এ বিভাগের অন্যান্য