পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত ৬, আহত ২১
আন্তর্জাতিক ডেস্ক ঃ
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় আঘাত হানা দুটি ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির জুনিন অঞ্চলের চুপাকা প্রদেশে এ দুটি ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পেরুর জাতীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৭। প্রথম কম্পনটি ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে ভূমিকম্প দুটি অনুভূত হয়।
তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার প্রথম ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
পেরুর জাতীয় সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেস স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসাকে জানান, প্রাথমিক হিসাবে অন্তত ৪৮টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য অস্থায়ী আশ্রয় হিসেবে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার বেশিরভাগ ঘরবাড়ি কাঁচা অ্যাডোবি (মাটির ব্লক) দিয়ে নির্মিত হওয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাসকেস জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন এমন আশঙ্কায় রোববার ভোর থেকেই উদ্ধারকর্মী ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
