বিশ্বকাপ শেষ হলেও ফিফার বিরুদ্ধে তদন্ত চলবে
খেলাধুলা ডেস্ক ঃ
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রবিবার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শেষ হলেও ফিফার টিকিট বিক্রি নিয়ে শুরু হওয়া তদন্ত থামছে না।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানিয়েছেন, বিশ্বকাপে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮টি ম্যাচের টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে তাদের তদন্ত অব্যাহত থাকবে। শুক্রবার দ্য অ্যাথলেটিক-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ কথা বলেন।
গত মে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে সঙ্গে নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করে নিউ জার্সি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ফিফা টিকিট বিক্রির সময় দাম বাড়িয়েছে, টিকিট বিক্রির পর স্টেডিয়ামের আসন বিন্যাস (সিট ম্যাপ) পরিবর্তন করেছে এবং কৃত্রিমভাবে টিকিটের সংকট তৈরি করেছে।
ডেভেনপোর্ট বলেন, শুরুতে ফিফা স্টেডিয়ামের আসনগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছিল। এর মধ্যে ক্যাটাগরি-১ ছিল সবচেয়ে আকর্ষণীয়। কিন্তু টিকিট বিক্রি শেষ হওয়ার পর নতুন করে আরও কিছু বিশেষ জোন তৈরি করা হয়, যেখানে সবচেয়ে ভালো আসনগুলো রাখা হয়।
“অনেক সমর্থক নতুন জোন চালুর আগেই টিকিট কিনেছিলেন। পরে তারা সেই আসনগুলো না পেয়ে তুলনামূলক কম সুবিধাজনক আসনে বসতে বাধ্য হন। এমন অভিযোগও এসেছে, কেউ কেউ যে ক্যাটাগরির টিকিটের মূল্য পরিশোধ করেছেন, বাস্তবে সেই ক্যাটাগরির আসন পাননি।”
শুধু নিউ জার্সি বা নিউ ইয়র্কই নয়, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যেও ফিফার টিকিট বিক্রি নিয়ে একই ধরনের অভিযোগের তদন্ত চলছে।
এরই মধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত ফিফার টিকিট রিসেলসংক্রান্ত নীতিকে প্রতারণামূলক ও প্রভাবিত করার কৌশল বলে মন্তব্য করেছে। টিকিট রিসেল প্ল্যাটফর্ম টিকোম্বোতে ফিফার টিকিট বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত।
নিউজউইক-র প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ওই নির্দেশ অমান্য করলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের বিরুদ্ধে জরিমানা এমনকি কারাদণ্ডের ব্যবস্থাও নেওয়া হতে পারে।
