বিদ্যালয়ে মদ খেয়ে মাতলামি করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত

সিলেটের সময় ডেস্ক :

 

সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদপান করে মাতলামি করা সেই প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার এমপিও স্থগিত করা হয়েছে।

আজ শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত, তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে সেই প্রধান শিক্ষক রুহুল আমিনের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপান অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন। এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।

এদিকে এ বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজ সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন তাকে সাময়িক বরখাস্ত করেছেন এবং বিভাগীয় পর্যায় থেকে তার বিরুদ্ধে এমপিও স্থগিতের নির্দেশনা এসেছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে দুটি পদক্ষে গ্রহণ করায় তিন কর্ম দিবসের মধ্যে তাকে শোকজ লেটারের আর কোনো জবাব দেওয়ার সুযোগ থাকল না।

এ বিভাগের অন্যান্য