ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০
ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯০ জন যাত্রী।
ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ৯০ জনের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য সেখানে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এই সংঘর্ষে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে-র দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে হয়েছে। রেলওয়ের একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, করবি থেকে লন্ডনগামী একটি ট্রেনের সঙ্গে নটিংহাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের এই সংঘর্ষ ঘটে। ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো বা সংঘর্ষ ঘটল, তা নিশ্চিত করতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
