নেইমারকে নিয়ে স্বস্তির খবর, কবে ফিরছেন ব্রাজিল তারকা
বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা প্রত্যাশামতো হয়নি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর দলটি এখন অপেক্ষা করছে তাদের সবচেয়ে বড় তারকা নেইমারের ফেরার জন্য।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার পথে আরেক ধাপ এগিয়েছেন নেইমার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো মাঠে নেমে হালকা অনুশীলন করেছেন তিনি। বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে আসার পর এই প্রথম ঘাসের মাঠে অনুশীলন করলেন ব্রাজিলের নাম্বার টেন।
গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গ্রেড-২ মাংসপেশির চোটে ভুগছেন।
তবে আশার খবরের পাশাপাশি রয়েছে শঙ্কাও।
এদিকে গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচ শেষে চাপের মধ্যেই রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ড ইতোমধ্যে হাইতিকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে। ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে ব্রাজিলকে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল করতেই হবে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য নেইমারের দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে দলের সঙ্গে পুরোপুরি যোগ দিতে পারবে।’
আনচেলত্তি আরো বলেন, ‘আমরা শুধু তার ফুটবল দক্ষতার জন্যই তাকে দলে রাখিনি, তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্বও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
