বিশ্ববাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে দুই দেশই ভবিষ্যতে আবার সামরিক অভিযান শুরু হতে পারে বলে সতর্ক করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি।
মঙ্গলবার দিনের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের ঊর্ধ্বগতি হারায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী মানের অপরিশোধিত তেলের দাম ১ ডলার ১৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এর আগে সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ইরানে নতুন করে ইসরায়েলি হামলা এবং লেবাননে চলমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা কমে যাওয়ায় দাম বেড়ে যায়। তবে পরে ইরান-ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিলে বাজারে স্বস্তি ফিরে আসে এবং দাম কমতে শুরু করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এলেও দীর্ঘমেয়াদি শান্তির বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সাম্প্রতিক হামলা বন্ধ হওয়ার ঘটনায় কিছুটা স্বস্তি তৈরি হলেও বিনিয়োগকারীরা এখনও নিশ্চিত নন যে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানানোর পর ইরান ও ইসরায়েল সংঘাত স্থগিত করার ঘোষণা দেয়। তবে তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও আক্রমণ শুরু করতে পারে।
বিশ্ববাজারের পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে এবং যেকোনো নতুন সামরিক উত্তেজনা আবারও দামের বড় ধরনের ওঠানামার কারণ হতে পারে।
