ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন ওচোয়া
খেলাধুলা ডেস্ক ঃ
গোলরক্ষক গিলের্মো ওচোয়া ছয়টি বিশ্বকাপে খেলার ইতিহাস গড়তে যাচ্ছেন। এর আগে কোনো মেক্সিকান খেলোয়াড় ছয়টি বিশ্বকাপে খেলেননি। রোববার কোচ হাভিয়ের আগিরে যে ২৬ জনের দল ঘোষণা করেছেন, সেখানে ৪০ বছর বয়সী ওচোয়ার নাম রয়েছে।
ওচোয়া ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলে তার খেলার সুযোগ কমে এসেছিল। তবু আগিরে তাকে দলে রেখেছেন। কোচ এবার অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দল সাজিয়েছেন।
অধিনায়ক এডসন আলভারেজ ও স্ট্রাইকার রাউল হিমেনেজ দলে অভিজ্ঞতার জোগান দেবেন। পাশাপাশি গুয়াদালাহারার ফরোয়ার্ড আরমান্দো গনজালেজ ও কিশোর মিডফিল্ডার গিলবার্তো মোরার মতো উঠতি প্রতিভারাও দলে আছেন।
মোরার বয়স মাত্র ১৭ বছর। তিনি মেক্সিকোর হয়ে বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দ্বৈত নাগরিক ওবেদ ভার্গাস ও ব্রায়ান গুতিয়েরেজও দলের তরুণ মুখ।
আগিরে স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কিনিওনেসকেও দলে রেখেছেন। দুজনই মেক্সিকোর নাগরিকত্ব নিয়ে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েছেন।
মেক্সিকো ১৯৮৬ সালে নিজেদের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। এবার আবার যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে মিলে তারা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করছে।
আগিরে এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তৃতীয়বার তিনি কোচ হিসেবে বিশ্বকাপে যাবেন।
বিশ্বকাপের আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নামবে তারা।
মেক্সিকোর পূর্ণ দল:
গোলরক্ষক: রাউল রেঞ্জেল, গিলের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।
ডিফেন্ডার: হর্হে সানচেজ, ইসরায়েল রেইয়েস, সেসার মন্তেস, হোহান ভাসকেজ, হেসুস গায়ার্দো, মাতেও চাভেজ।
মিডফিল্ডার: এরিক লিরা, অর্বেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেজ, লুইস রোমো, এডসন আলভারেজ, ওবেদ ভার্গাস, গিলবার্তো মোরা, লুইস চাভেজ।
ফরোয়ার্ড: রবার্তো আলভারাদো, সেসার উয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কিনিওনেস, গিলের্মো মার্তিনেজ, আরমান্দো গনজালেজ, সান্তিয়াগো হিমেনেজ, রাউল হিমেনেজ।
