জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

সিলেটের সময় ডেস্ক :

 

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই ধরনের আরও কয়েকটি কর্মসূচিতে দিনজুড়ে তার উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পোস্টার প্রকাশ, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাষ্ট্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নিহত হন। প্রতি বছরের মতো এবারও তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য