সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
সিলেটের সময় ডেস্ক :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।’
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল লেখেন, ‘১৩ মে লালমনিরহাটে আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে বাংলাদেশের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকান্ডের ঘটনা আরো ঘটেছে। এসব হত্যাকান্ডের প্রতিবাদ করছি। আমি আগেও এনিয়ে লিখেছি, বলেছি। সরকারে থাকার সময়ও আমরা এসব হত্যাকান্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম, সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল।’
সাবেক উপদেষ্টা লেখেন, ‘আমার বক্তব্য একটাই। সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হতে গেলে কাউকে গ্রেফতার করা যায়। প্রয়োজনে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে থামানো যায়। কিন্তু আমরা কোন গ্রেফতারের ঘটনা শুনিনা, ফাঁকা গুলির ঘটনা ঘটেনা, এমনকি গুলি লেগে আহত হওয়ার কথাও শুনি না। শুনি শুধু গুলিতে সরাসরি বাংলাদেশের মানুষের হত্যার ঘটনা। এটা কোন যুক্তিতেই মেনে নেয়ার মতো না।’
বর্তমান সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না।’
