চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের মূল উপাদান হবে শিক্ষা : মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সেতুবন্ধ আরো সুদৃঢ় করা হবে। তবে এই সেতুর উপকরণ কংক্রিট বা রড-সিমেন্ট নয়, বরং এর মূল উপাদান হবে শিক্ষা।
শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সঙ্গে এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন।
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিকল্প নেই।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক আ স ম রিদওয়ানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। গোলটেবিল বৈঠকে দুই দেশের প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
