রেফারিকে ‘হুমকি’ দিয়ে বড় শাস্তি পেলেন বার্সা কিংবদন্তি পিকে
সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে এবার বিতর্কে জড়ালেন মাঠের বাইরের ঘটনায়। রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে তাকে দুই মাসের জন্য সব ধরনের অফিসিয়াল ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি দেওয়া হয়েছে ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও।
বর্তমানে এফসি অ্যান্ডোরার সহ-মালিক হিসেবে কাজ করছেন পিকে।
রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিকে নাকি বলেন, ‘আপনাকে নিরাপত্তা নিয়ে মাঠ ছাড়তে হবে, যেন কেউ আক্রমণ না করে।’ এ ছাড়া তিনি আরো মন্তব্য করেন, ‘অন্য দেশে হলে আপনাকে মারধর করা হতো, তবে অ্যান্ডোরায় আমরা সভ্য।’
এই মন্তব্যের পরই কঠোর অবস্থান নেয় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
খেলোয়াড়ি জীবনে পিকে ছিলেন স্পেন ও বার্সেলোনার অন্যতম সফল ডিফেন্ডার। তিনি জিতেছেন ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ ছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোও জিতেছিলেন তিনি।
