গরুর হাটে চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা
আসন্ন কোরবানির ঈদ ঘিরে পশুর হাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন কোরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি ও যানজট না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
মীর শাহে আলম জানান, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
