শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে এবং দ্রুত তা সম্পন্ন হবে। আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
