হরমুজ প্রণালীতে আটকে গেল বাংলাদেশের জাহাজ, যা বললেন মন্ত্রী
সিলেটের সময় ডেস্ক :
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়া ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি নিয়ে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘জাহাজটি এবং জাহাজে থাকা ক্রুদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি।’
আজ শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘জাহাজটির ৩১ জন বাংলাদেশি ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আশা করছি, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এর সমাধান আসবে।’
তিনি বলেন, ‘যেকোনো বড় সিদ্ধান্তে সরকার দেশের স্বার্থকেই সবার ওপরে রাখবে। বন্দরের মুনাফা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি পর্যালোচনার পর তবেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
শেখ রবিউল আলম বলেন, ‘দেশে বর্তমানে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। পেট্রল পাম্পগুলোতে আমাদের জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
