সূর্যের দেখা মিলবে, কমবে তীব্র শীতের অনুভূতি
একদিনের সূর্যের তাপে দেশের বিভিন্ন এলাকায় শীতের দাপট কিছুটা প্রশমিত হয়েছে। শৈত্যপ্রবাহের আওতা কমে এসে বৃহস্পতিবার দেশের ১৭টি জেলায় সীমাবদ্ধ ছিল, যেখানে আগের দিন তা ছিল ৩২ জেলায়।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে। এতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা খুব বেশি প্রশমিত না হলেও তীব্র শীতের অনুভূতি অনেকটা কমে আসবে।
বিশেষজ্ঞদের মতে, দিল্লি থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল পর্যন্ত কয়েকদিন ধরে ঘন কুয়াশার প্রভাব ছিল। সকালে সূর্যের দেখা না পাওয়ায় দিনের তাপমাত্রা কম থাকলেও রাত ও দিনের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীতের অনুভূতি ছিল বেশি।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং কোথাও কোথাও সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে ঘন ও মাঝারি কুয়াশা থাকতে পারে।
