বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান হবে: আমীর খসরু
সিলেটের সময় ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।’
আজ শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসবে দেখতে চাই, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’
সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাত। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যেসব তরুণ আইটিতে দক্ষ তাদেরকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।’
দেশীয় পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ বাড়ানোর কথা উল্লেখ করে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।’
সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে এই সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
