নারী নেত্রীদের নিয়ে অপপ্রচার, এনসিপির নিন্দা ও প্রতিবাদ
নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসের ঘটনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; ইতিপূর্বে নানা সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরণের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এই ধরণের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়; বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।
বিবৃতিতে আরো বলা হয়, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
‘এনসিপি নারীদের প্রতি এই ধরণের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ধরণের ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে এনসিপি সকল অনলাইন-অফলাইন নারী নির্যাতনকারী ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে।’
