সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ৬ জুন দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে। তার আগের দিন ৫ জুন হবে হজ। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।
