প্রবাসে বাংলা সাহিত্যের জয়গান : পঞ্চায়েতের উদ্যোগে ৬ বইয়ের মোড়ক উন্মোচন
নিউইয়র্কে ছয়টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং গ্রন্থপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৮ মে) বাফা মিলনায়তনে প্রবাসী লেখক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেক আহমদ। প্রথম পর্বে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রবাসের বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ইমরান আলী টিপুর কবিতার বই ‘যে আলো শুধু অন্ধকারে জ্বলে’ এর মোড়ক উন্মোচন করেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ। বেনজির শিকদারের ‘দ্বিপ্রহরের দ্বিধা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক মনজুর আহমদ। কবি শামস আল মুমিন মোড়ক উন্মোচন করেন সুমন শামসুদ্দিনের ‘ইশারার মৌমাছিরা’ কবিতার বইয়ের। বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন মাসুম আহমেদের ‘যাপিত জীবনের গপ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। মেরিল্যান্ড থেকে আগত কবি শিউল মনজুর আহবাব চৌধুরীর ‘করোনাকালের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। আর সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ‘হিপহপ জনপদ: দ্য ব্রংক্স এবং অন্যান্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পরবর্তী পর্বে লেখকগণ তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং গ্রন্থ থেকে পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনিয়া কাদির, আহবাব চৌধুরী, মাসুম আহমেদ, সুমন শামসুদ্দিন, বেনজির শিকদার ও ইমরান আলী টিপু। তৃতীয় পর্বে সাহিত্য ও সাংবাদিকতা, টেলিভিশন, কমিউনিটি অ্যাক্টিভিজমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা আলোচনা করেন।
সর্বশেষ পর্যায়ে কবি, অধ্যাপক, লেখক ও সাংবাদিকরা বই নিয়ে গভীর আলোচনা করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে পঞ্চায়েতের পক্ষ থেকে মাসুম আহমদ অতিথি ও লেখকদের ধন্যবাদ জানান এবং প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ও প্রসারের জন্য সাহিত্যকর্মীদের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
এই আয়োজন প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
