জানা গেল কনটেন্ট ক্রিয়েটর মিশার মৃত্যুর কারণ, ফলোয়ার কমে যাওয়ায় আত্মহত্যা
জন্মদিনের দুইদিন আগে মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়ালের। মিশার মৃত্যু হতবাক করে দিয়েছে তার লাখো অনুরাগীকে। মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্য ছিল রহস্যে ঘেরা। তবে শেষ পর্যন্ত জানা গেল মিশার মৃত্যুর কারণ।
সম্প্রতি মিশার পরিবার তার মৃত্যু সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানান, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার নাকি বেশ কমতে শুরু করেছিল।
একটি বিবৃতির মাধ্যমে মিশার বাবা-মা জানিয়েছেন, হঠাৎ করে মিশার ফলোয়ার কমে যাচ্ছিল।
মিশার বাবা-মায়ের ভাষ্যমতে, ‘ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করাই ছিল মিশার কাজ। তার ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ফলোয়ার না বেড়ে আচমকা তা কমতে শুরু করে।
পরিবারের মতে, এ অবসাদেই জন্মদিনের একদিন আগে আত্মহননের সিদ্ধান্ত নেন মিশা। মেয়ে অবসাদে ভুগছেন তা তারা বুঝতে পারেননি।
নিজের কনটেন্টে হাস্যরসের মাধ্যমে অনুরাগীদের মাতিয়ে রাখতেন মিশা। সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। মিশার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী মহলে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে। ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। তার দুই দিন আগে, ২৪ এপ্রিল আত্মহত্যা করেন মিশা।
