‘আমাদের সম্পর্কটা পারিবারিক’
বিনোদন ডেস্ক ঃ
নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন বহুদিনের। এর মধ্যেই কথা রটেছে- চুপিসারে বিয়ে করেছেন তারা। গুঞ্জনটি উঠে মূলত, রাফীর জন্মদিনের একটি ছবিকে ঘিরে। যেখানে দেখা যায়, মা ও তমাকে নিয়ে কেক কাটছেন রাফী। তবে এই বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন তমা মির্জা। তার দাবি, পুরো সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর।
তমার কথায়, ‘বিয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু যদি ঘটে, সেটা লুকানোর কিছু নেই, অবশ্যই সবাইকে জানিয়েই বিয়ে করব। কিন্তু আপাতত এ নিয়ে আমার ভাবনা নেই, বিয়ে করলেও সেটা আরও পরে; এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে কথা না বলেই এ ধরনের সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’
এ নিয়ে সামাজিকমাধ্যমেও লিখেছেন চিত্রনায়িকা। গতকাল মঙ্গলবার এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গসিপ ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি মিডিয়াকে জোরালোভাবে অনুরোধ করছি। একজন শিল্পী হিসেবে, আমার প্রাথমিক ফোকাস আমার কাজের ওপর, এবং আমি বর্তমানে আমার আসন্ন প্রকল্পগুলোর মাঝেই নিবেদিত। যারা দায়িত্বশীল এবং সত্যের সঙ্গে রিপোর্ট করেন, তাদের সম্মান এবং পেশাদারিত্বের আমি প্রশংসা করি।’
রাফীর সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তমা বলেন, ‘রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। কেননা, একসঙ্গে আমরা বেশকিছু কাজ করেছি, তাই রাফীর পরিবারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। শুধু আমারই নয়; সিয়াম, পূজাসহ আরও অনেকের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।’
জন্মদিন ও প্রকাশ্যে আসা ছবিটির বিষয়ে তমা বলেন, ‘আপনারা সকলেই জানেন, প্রায় দেড় মাস আগে রাফীর বাবা মারা গেছেন। আঙ্কেল আমাকে অনেক স্নেহ করতেন। এবার আঙ্কেলকে ছাড়া রাফীর প্রথম জন্মদিন। যে কারণে আন্টির খুব মন খারাপ ছিল, রাফীরও মন খারাপ ছিল। কেননা ওর জন্মদিন নিয়ে আঙ্কেলেরই সবচেয়ে বেশি আগ্রহ থাকত। কিন্তু এবার যেহেতু তিনি নেই, আমরা সবাই চেয়েছি রাফীর পাশে থাকতে। জন্মদিন পালন নিয়ে কোনো প্ল্যান-প্রোগ্রাম ছিল না। যেহেতু রোজার মাস তাই আমার মাথায় কাপড় ছিল, আর পাশে যেহেতু আন্টিও ছিলেন, তাই অনেকে ধরে নিয়েছেন যে আমরা বিয়ে করে ফেলেছি! এটা কোনো কথা!’
যোগ করে তিনি আরও বলেন, ‘এ ধরনের সংবাদ কতটা যে বিভ্রান্তির সৃষ্টি করে, সেটা যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়, তারাই ভালো বলতে পারেন। যেহেতু আমি আমার পরিবারের সঙ্গে একবাসাতে থাকি, এমন ঘটনায় পরিবারের সদস্যরাও বিভ্রান্তির মধ্যে পড়েন। এর আগে, আদনান ভাই আর মেহজাবীনকে নিয়েও তো আমরা অনেক সংবাদ দেখেছি, কিন্তু যখন তারা বিয়ে করলেন তখন সবাইকে জানিয়েই করেছেন। তাই এই বিষয়ে নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’
