পানি যতদিন না আসবে, আন্দোলন অব্যাহত থাকবে : আমীর খসরু

সিলেটের সময় ডেস্ক :

 

পানি যতদিন না আসবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আজকের এই দাবি আমাদের প্রাণের দাবি। আন্তর্জাতিকভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। যখন নদী বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হয়, সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয় হয় ও ব্যবস্থাপনা থাকে। আজকের সেই ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে। দাবি হচ্ছে সকল ব্যবস্থাপনা ফিরিয়ে আনার। তিস্তা নদীর পানি বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি। এই দাবি পূরণ করতে হবে।’

মঙ্গলবার বি‌কে‌লে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার থেতরাই পাকার মাথায় অব‌স্থিত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির অবস্থান কর্মসূচি‌তে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে আমীর খসরু এসব কথা ব‌লেন।

তিনি ব‌লেন, ‘আমরা দেখেছি যখনই তিস্তার দাবি আসে তখনই পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ ফেনী নদীতে সাতটি চুক্তি হয়েছে। সেখানে ভারতের লাভ হচ্ছে। কিন্তু বাংলাদেশে যেখানে পানি পাওয়ার কথা, সেখানে পিছিয়ে দিয়ে মরুভূ‌মি করা হয়েছে। তিস্তা নদীকে ঘিরে মানুষের জীবন বাঁচার সংগ্রাম, সেখানে জীববৈচিত্র্য ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে।’

আমীর খসরু ব‌লেন, ‘তিস্তা নদীতে পানি না থাকায় ১৫ লক্ষ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফল শুরু হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। পানি যত দিন না আসবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে, জাগো বাহে তিস্তা বাঁচাই।’

তিনি বলেন, ‘যে কোনো দাবি বাস্তবায়ন জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয়। বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই আন্দোলন শুরু করেছে। বিএনপি জনগণের সমর্থন গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা আমাদের আগামী দিনে কাজে লাগবে।’

১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক  পরিবেশনার আয়োজন ক‌রে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুই দিনব্যাপী কর্মসূচির আজ শেষ দিন।

এ বিভাগের অন্যান্য