ফারুকের ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম নুরের

সিলেটের সময় ডেস্ক :

 

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ রবিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে।

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান বলেন, যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।

উল্লেখ্য, ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে গতকাল শনিবার বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানসহ কয়েকজন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য