জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। ডিসেম্বর মাসেও এলপিজির দর অপরিবর্তীত ছিল। ফলে গত নভেম্বর মাসের নির্ধারিত দরেই চলতি জানুয়ারিতেও এলপিজি বিক্রি হবে।
এর আগে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দর ছিল ১৪৫৫ টাকা।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এলপিজির দাম অপরিবর্তিত রাখার ঘোষণা করেন।
এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও অপরিবর্তিত রাখা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৮১ পয়সা। যা চলতি মাসেও একই দরে বিক্রি হবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
