হোটেলে পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ কর্তন, সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা
নড়াইলের একটি আবাসিক হোটেলে পুলিশ সদস্য ইমদাদুল ইসলামকে (২৭) তারই তালাক প্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ডলি খাতুন বিশেষ অঙ্গ ধারালো চাকু দিয়ে কেটে দেওয়ার ঘটনায় ইমদাদুলের পরিবার মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নড়াইল সদর থানায় ইমদাদুলের বাবা ডলি খাতুনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
ইমদাদুল ইসলাম লোহাগড়া উপজেলার হামরোল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. বজলেয়ার রহমান মল্লিকের ছেলে। তিনি যশোর পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত আছেন।
এ বিষয়ে পুলিশ সদস্য ইমদাদুলের বাবা মো. বজলেয়ার রহমান মল্লিক বলেন, ‘আমার ছেলের অপারেশন হয়েছে। সে এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নয়।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘তার চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে এবং কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষার জন্য মামলা করতে বিলম্ব হয়েছে।’
গত মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টা ৪৮ মিনিটে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো শার্ট পরিহিত পুলিশ সদস্য ইমদাদুল ইসলাম তার সাবেক স্ত্রীকে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হোটেলে প্রবেশ করছেন।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত ডলি খাতুনকে যশোর পুলিশ আটক করে। তার দেওয়া তথ্য মতে, নড়াইল সদর থানা পুলিশ হোটেলের কক্ষ থেকে ইমদাদুলের শার্টসহ বেশ কিছু আলামত জব্দ করে।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
