‘দুর্নীতি বিরুদ্ধে আরো কঠোর হতে হবে’
দুর্নীতি বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা বলেছেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট গণমুখী, কল্যাণকর, বিনিয়োগ ও নারী বান্ধব। এ বাজেট বাস্তবায়নে দেশ আরো উন্নয়নের দিকে ধাবিত হবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন ঘটবে।
মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ওই আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী, নূর মোহম্মদ, হাবিবুন নাহার, নিলুফার আনজুম, মো. তৌহিদুজ্জামান, এসএম কামাল হোসেন, নাইমুন জামান ভূইয়া, আবুল কালাম আজাদ, মাঈনুল হোসাইন নিখিল, আশরাফুন্নেসা, মাহবুবুর রহমান, মোস্তাফা আলম, নিলুফার অনজুম, এইচ এম ইব্রাহীম, নাদিয়া বিনতে আমিন এবং স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার।
আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নূর মোহম্মদ বলেন, দেশে বর্তমানে শেয়ারবাজারের খারাপ অবস্থা, শুয়ে পড়েছে।
দল ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি শব্দটি এখন সবচেয়ে বেশি উচ্চারিত।
সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে না, ওই টাকা পাচার করে দিচ্ছে তাদের তালিকা করে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। মূল্যস্ফিতি কমিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে। যারা ট্যাক্স দেয় না, তাদেরকে ট্যাক্সের আওতায় এনে বাজেট বাস্তবায়ন করা দরকার।
সাবেক উপমন্ত্রী হাবিবর নাহার বলেন, খুলনা, সাতক্ষীরা বাগেরহাটসহ দেশের এই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষয় ক্ষতি হয়েছে। ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। মাছের ঘের ভেসে গেছে। এসব ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য মো. তৌহিদুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানও দিয়েছিলেন। কিন্তু আজ তারা সমালোচনা করেছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে। আর আজ প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
সংসদ সদস্য এসএম কামাল হোসেন বলেন, এবারের বাজেট দেশের আরো উন্নয়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে পদ্মা সেতু হয়েছে। বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। আর সেই বিশ্বের শ্রেষ্ট প্রধানমন্ত্রীকে হত্যার অনেক চেষ্টা করেছে। গ্রেনেড হামলা হয়েছে, কিন্তু আল্লাহ যাকে রাখে তাকে মারে কে?
