ভোটাধিকার আছে বলেই মোদির নিরঙ্কুশ বিজয় রুখে দিয়েছেন ভারতীয়রা: মির্জা ফখরুল

সিলেটের সময় ডেস্ক :

 

ভারতে ভোটাধিকার আছে বলেই তারা (ভারতীয়) নরেন্দ্র মোদির নিরঙ্কুশ বিজয় রুখে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মোদির (নরেন্দ্র মোদি) ক্ষমতায় যাওয়ার ইচ্ছাকে রোধ করেছেন জনগণ। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে দানব গত ১৫ বছরে আমাদের ঘরের মধ্যে, বুকের মধ্যে চেপে বসে আছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সব অর্জন ধ্বংস করে দিয়েছে একে সরাতে না পারলে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার নেই, এটা ফিরিয়ে আনতে হবে।’

বাংলাদেশে ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটাধিকারের সেই অবস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। মানুষজন ভোট দিয়ে যাতে তার পছন্দমত প্রতিনিধি নির্বাচিত করতে পারে তার ব্যবস্থা করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি সে জন্য আমাদের সংগ্রাম-লড়াই করতে হবে। মিথ্যা মামলায় আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত আছেন। তাকে ফিরিয়ে আনার লড়াই করতে হবে। সর্বাপরি দেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম-লড়াই আমার জন্য নয়, এখানে যারা মঞ্চে বসে আছেন তাদের জন্য নয়, এই সংগ্রাম দেশের মানুষকে মুক্ত করার জন্য।’

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এই সংগ্রামের ডাকে সকলে সাড়া দিয়ে দল-মতনির্বিশেষে সবাই মিলে গণআন্দোলন সৃষ্টি করতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’

দলটির মহাসচিব বলেন, ‘একটা ভয়াবহ ঘটনা ঘটছে আপনারা খেয়াল করেছেন কি না জানি না। সেটা হচ্ছে যে, প্রাইমারি স্কুলের যে টেক্সট বই সেখানে এমন সব কারিকুলাম আনা হয়েছে যেটা আমাদের কালচার, কৃষ্টি ও ধর্মের বিরুদ্ধে। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের ধর্মের মাধ্যমে বেরিয়েছে। উনারা ধর্মের লোকেরা তাদের বিরুদ্ধে ধর্মীয় একটা খোয়াব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে গড়ে উঠেছে। আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।’

ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহা. কাজী আবুল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, এবিএম ওবায়দুল ইসলাম, রফিকুল ইসলাম জামাল, আবদুল বারী ড্যানি, মাওলানা শাহ মো. নেসারুল হকসহ আরও অনেকে।

এ বিভাগের অন্যান্য