দেশে খাদ্য মূল্যস্ফীতি এখন ১৫ শতাংশ
দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ১৫ শতাংশ। বাড়তি এই মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ ভালো নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একটি জরিপের তথ্য উল্লেখ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এ কথা বলেন।
বইটির রচয়িতা বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
সাধারণত মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়ছে, সুনির্দিষ্টভাবে প্রকল্প ধরে কেউ কথা বলেন না। এসব বিষয় নিয়ে অর্থনীতিবিদদের কথা বলতে হবে।’
পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, ‘ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি সংস্কারে হাত দিতে হবে। ব্যাংকগুলো এত দিন যেভাবে চলেছে, সেভাবে চলতে দিলে আমরা ঋণখেলাপি কমার আশা করতে পারি না।’
