উপজেলা নির্বাচনে ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

সিলেটের সময় ডেস্ক :

 

নিজের স্বজনের নোয়াখালীর কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ব্যাপারে ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রশ্ন করতে পারেন, আমার এক স্বজনও উপজেলায় প্রার্থী হয়েছেন। সেখানে প্রশ্নটা হচ্ছে, আমাদের সমর্থন আছে কি না। আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করছে কি না সেটাই সেটাই দেখার বিষয়। পার্টির কারও এর সঙ্গে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারও এর সঙ্গে কোনো সমর্থন নেই। আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না।’

তিনি আরও বলেন, ‘অনেকেই এর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে শুরু করেছেন। আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছেন। আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবে না সেটাও বলা যায় না। আমাদের প্রধানমন্ত্রীর যে গাইডলাইন সেটা আমি মুখে বলব একটা, আর কাজে করব আরেকটা এটায় আমি বিশ্বাসী নই। কোনো প্রকার স্বজনপ্রীতি আমি কোনো অবস্থাতেই প্রশ্রয় দেব না।’

‘স্বজন’ বলতে প্রধানমন্ত্রীর দেওয়া সংজ্ঞার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে ভাই হোক, স্বজন হোক আমি তাকে দাঁড় করিয়েছি কি না, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কি না, আমার দল সমর্থন দিচ্ছে কি না, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার দল যদি পক্ষে না থাকি তাহলে কেউ বিচ্ছিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার বিষয়ে জড়িত থাকলে কিছু করার নেই।’

তিনি এসময় আরও বলেন, ‘বিরোধী দলের মোকাবিলায় আমাদের সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ১৪ দলীয় জোটকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাছে টানতে হবে। সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের ওপর নির্ভর করে আমরা বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম।’

এ বিভাগের অন্যান্য