উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কাদের
উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ফ্রি স্টাইলে দল চলতে পারে না। সংসদ সদস্যরা (এমপিরা) নির্বাচনে নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করলে দল তা মেনে নেবে না।’
শনিবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।
সভায় সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী।
