ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক উপাচার্য কারাগারে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার সাবেক ব্যক্তিগত সহকারীর (পিএস) দায়ের করা মামলায় সোমবার (০৮ মে) জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। আদালতের বিচারক আ. সালাম খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ১৩ মার্চ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার স্টোরকিপার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. সালাম খানের আদালতে সাবেক উপাচার্য মো. শহীদুর রহমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। একই সঙ্গে বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার সহযোগী উল্লেখ করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দেন। মামলাটিতে সাবেক উপাচার্য উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এক পর্যায়ে উপাচার্য শহীদুর রহমান খুলনা ছেড়ে যান ও যোগাযোগ বন্ধ করে দেন। ভুক্তভোগী এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। পরে তিনি আদালতে অভিযোগটি দায়ের করেন।
২০২২ সালের ১০ সেপ্টেম্বর শহীদুর রহমানের উপাচার্যের চাকরির মেয়াদ শেষ হয়। স্ত্রী-ছেলে-মেয়েসহ বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ও ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
