ট্রান্সফরমার বিস্ফোরণে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৫

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ৭ তলা ভবনে আগুন লেগে যায় । আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েসড়কের ওপর। এতে ৫ জন দ্বগ্ধ হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকাস্থ্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার আব্দুস শাহেদ পার ভিউ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন ভবনের ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ভবনে থাকা বিভিন্ন জাতীয় ফেব্রিক্স পুড়ে যায়।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ওই ভবনের সামনে থাকা পল্লীবিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারে ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি সংযোগ ছিলো। বিদ্যুতের বাড়তি চাপের কারণে ট্রান্সফমারটির বিষ্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের গ্রামের মোহাম্মদ জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭) হোটেল কর্মচারী রকিবুল ইসলামসহ (২৫) আরও দুই ব্যক্তি। দগ্ধ ওই ৩ ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকাস্থ্য জাতীয় বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বুধবার পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের  মাওনা চৌরাস্তার আ. সাহিদ সুপার ভিউ নামক বহুতল ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ট্রান্সফরমারে থাকা তেল ও টুকরো অংশ পাশের ওই ভবনের ওপর ছিটকে পড়ে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় ওই ভবনের আশপাশের বিভিন্ন মার্কেট ও সড়কে ঈদের কেনাকাটার জন্য ছিলো উপচে পড়া ভিড়। বিস্ফোরণের বিকট শব্দে হাজার হাজার নারী পুরুষ যে যার মতো ছুটতে থাকেন।

আগুন লাগা ভবনটির নিচতলা ও দোতলায় রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গুদাম ও ফ্লাট বাসা। ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ভবনের বিভিন্ন তলায় আগুন লেগে যায়। ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আগুনের স্ফুলিঙ্গ সড়কের ওপর পড়লে ৫ ব্যক্তি দগ্ধ হন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু ৩ জনকে ঢাকার তো জাতীয় বার্ণ ইন্সটিটিউটে পাঠানো হয়।

আলহেরা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সালমান শিকদার জানান, পুরো শরীর দগ্ধ হওয়া ৩ জনসহ আরও ২ জন হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুরো শরীর দগ্ধ মুমূর্ষু ৩ জনকে ঢাকাস্থ জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

হঠাৎ অগ্নিকাণ্ডে আশপাশের মার্কেট, শপিং মল ও আবাসিক ভবনে আতংক ছড়িয়ে পড়ে। পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ।

 

ভবনে থাকা ইউসিবি ব্যাংকের এক কর্মকর্তা জানান, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবন নিচতলার ব্যবসায়ীরা জানান, অল্পের জন্য আল্লাহ তাদের সম্পদ রক্ষা করেছেন। ভবনে থাকা ব্যবসায়ী বা ফ্ল্যাটের কেউ আহত হননি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। হতাহতদের খোঁজখবর নিই।’ এছাড়া ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান তিনি।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তবে, ঠিক কতজন দগ্ধ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, ‘বিদ্যুতের ট্রান্সফর্মার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগুনের স্ফুলিঙ্গ সড়কে ছিটকে পড়লে কয়েকজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।’

এ বিভাগের অন্যান্য