পাকিস্তানে নিহত জার্মান অলিম্পিয়ানের মরদেহ উদ্ধারে অভিযান স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক ঃ
পাকিস্তানে পর্বতারোহণকালে প্রাণ হারানো জার্মান অলিম্পিক বায়াথলিট লারা ডালমায়ারের মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিত্যক্ত করেছে কর্তৃপক্ষ।
সপ্তাহের শুরুতে কারাকোরাম পর্বতমালার অন্তর্গত লাইলা পিকের ৫ হাজার ৭০০ মিটার (১৮ হাজার ৭০০ ফুট) উচ্চতায় আরোহনের সময় উপর থেকে গড়িয়ে আসা পাথরের আঘাতে তিনি গুরুতর আহত হন। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হলেও, পাহাড়ি অঞ্চলের চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সেই প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকিস্তান অ্যালপাইন ক্লাবের সঙ্গে পরামর্শক্রমে সংস্থাটি জানায়, লারার পরিবার এখনো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ভবিষ্যতে উপযুক্ত সময়ে উদ্ধারের বিষয়ে চিন্তা করছে।
তবে বিষয়টি আরও গভীর আবেগের রূপ পেয়েছে লারার নিজের আগেই জানানো একটি ইচ্ছার কারণে। তার বেশ কয়েকজন সহকর্মী জানিয়েছেন, দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী এই ক্রীড়াবিদ আগেই বলে গিয়েছিলেন- উদ্ধার প্রচেষ্টা যদি কারও জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে যেন তার মরদেহ ফেরত আনার চেষ্টা না করা হয়।
জার্মান পর্বতারোহী থমাস হুবার, যিনি উদ্ধারকারী দলের সদস্য ছিলেন, বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, লারাকে সেখানেই থাকতে দেওয়া হবে-কারণ সেটাই ছিল তার নিজের ইচ্ছা।’
এই সিদ্ধান্ত যেমন সাহসিকতার, তেমনি শ্রদ্ধারও- একজন প্রকৃত পর্বতারোহীর শেষ ইচ্ছাকে সম্মান জানানোর অনন্য দৃষ্টান্ত।
