বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমে ২০ শতাংশ
বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় ওয়াশিংটনে হোয়াইট হাউস এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায়। বিশ্বের প্রায় ৭০টি দেশের ওপর নতুন বা বাড়তি শুল্ক আরোপ করে প্রকাশিত এ তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি প্রধান রপ্তানিকারক দেশ রয়েছে। বিশ্ববাণিজ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারক মহল।
এ ছাড়া আফ্রিকার বহু দেশের ওপর গড়ে ১৫ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউসের ব্যাখ্যায় বলা হয়, কিছু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বা স্বল্প শুল্ক সুবিধা পেলেও পাল্টা বাজার সুবিধা দেয়নি। ‘ফেয়ার ট্রেড’ বা ন্যায্য বাণিজ্য নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, পাল্টা শুল্ক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতা সৃষ্টি করতে পারে।
বিশ্বব্যাপী ‘ফেয়ার ট্রেড’ নীতিমালা নিশ্চিত করতে এবং কিছু দেশ থেকে পণ্যের অনিয়ন্ত্রিত প্রবাহ ঠেকাতে যুক্তরাষ্ট্র এই শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করেছে। হোয়াইট হাউস বলছে, কিছু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা ভোগ করলেও প্রতিদানমূলক বাজার প্রবেশাধিকার দেয়নি।
এদিকে পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ প্রতিনিধিদল প্রথম দিন (মঙ্গলবার) ছয় ঘণ্টা, দ্বিতীয় দিন আট ঘণ্টা আলোচনার পর বৃহস্পতিবার তৃতীয় দিন দুই ঘণ্টা আলোচনা করেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৬২৬ কোটি ডলার। সরকারি-বেসরকারি মিলিয়ে এ ঘাটতি কমিয়ে আনার উদ্যোগ রয়েছে বাংলাদেশের। এ ছাড়া সরকারি পর্যায়ে পাঁচ বছর ধরে (বছরে ৭ লাখ টন করে) ৩৫ লাখ টন গম আমদানি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে বাংলাদেশ। দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিও বাংলাদেশ বাড়াবে। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে আমদানি করা হবে ২৫টি উড়োজাহাজ। এ ছাড়া বেসরকারি পর্যায়ে তুলা, সয়াবিন বীজ, ডাল ইত্যাদি পণ্য আমদানি বাংলাদেশ বাড়াবে। এতে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে আশা করা হচ্ছে।
