চট্টগ্রামে ১৬০ মিমি বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সিলেটের সময় ডেস্ক :

 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়।

সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আজ বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। ওই তিন ঘণ্টায় ৭১ মিমি বৃষ্টি হয়েছে। আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ৫৭ মিমি বৃষ্টি হয়েছিল।

এদিকে আজ সকাল থেকে দিনভর কখনো ভারি আবার কখনো অতি ভারি বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক, উপসড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা যায়। জলাবদ্ধতার কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে সকালে কর্মস্থলমুখী এবং বিকেল থেকে বাসা ফেরার পথে অনেকে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ে। এ সময় সড়কে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তি আরো বাড়ে।

সরজমিনে দেখা যায়, সকালে নগরের প্রধান সড়কের জিইসি মোড়ে দুইদিকে জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। পানির কারণে পথচারী, যাত্রী ও স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের দুর্ভোগের শেষ ছিল না।

আমজাদ হোসেন নামে এক যাত্রী বলেন, আগ্রাবাদ থেকে মুরাদপুর আসার পথে জিইসি মোড়ে পানিতে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যায়। এ কারণে পানিতে হেঁটে যেতে হচ্ছে।

এ ছাড়া শেরশাহ, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, মুরাদপুর, কাতালগঞ্জ, কাপাসগোলা, আমানবাজার, তিনপোলের মাথা, বায়েজিদ সড়কের বিভিন্ন পয়েন্ট, অক্সিজেন, বহদ্দারহাট, চান্দগাঁও, বিবিরহাটসহ বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিপাতে সকালে সড়কে পানি থাকলেও পরে বৃষ্টি কিছুটা কমলে সড়ক থেকে পানি নেমে অলিগলিতে জমে থাকে। 

অক্সিজেন এলাকায় বাসের জন্য অপেক্ষারত ফাহিম নামে এক যুবক বলেন, টানা বৃষ্টির কারণে ভিজে গেছি। ট্যানারি বটতল থেকে গাড়ি না পেয়ে এক কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। এখানেও বাস পাচ্ছি না।

বৃষ্টি হলে জলাবদ্ধতার পাশাপাশি গণপরিবহন সংকটের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়। 

চট্টগ্রামের পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বিকেলে বলেন, বৃষ্টি চলতি সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে থাকবে। গত কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে জোয়ার হলে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ১৬০ দশমিক ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮৬ মিমি বৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য