মেজরটিলায় কান্না করায় শিশুকে খুন করে বাবার আত্মহত্যার চেষ্টা
সিলেটের সময় ডেস্ক :
সিলেটে কান্না করায় ৪৫ দিনের শিশুকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা আতিকুর রহমান। বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। আতিকুর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। দুপুরে খাবার শেষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে দেখতে পান ২ মাসের শিশু ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমান অর্ধেক গলাকাটা অবস্থায় শুয়ে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমরা পুরো ঘটনার তদন্ত করছি। কি হয়েছে সেটি জানার চেষ্টায় আছি। এখনো সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে স্থানীয়রা জানিয়েছেন, পারবিারিক কোনো কলহের কারণে এমনটি হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাথরুম থেকে ব্যবহার করা দা জব্দ করা হয়েছে। আতিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট ও ঘটনার সব বিষয় তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।
