১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরো ৭টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিষেধাজ্ঞা অভিবাসী ও অ-অভিবাসী উভয় শ্রেণির ভিসাধারীদের ওপর প্রযোজ্য হলেও কিছু ব্যতিক্রম রয়েছে।
বিবিসি জানিয়েছে, নিষেধাজ্ঞায় থাকা ১৯টি দেশের মধ্যে ১০টিই আফ্রিকান রাষ্ট্র। আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন, এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ “সম্পূর্ণভাবে সীমাবদ্ধ এবং সীমিত” করা হয়েছে।
আংশিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, রুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকরা।
এর আগে, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে জো বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
