দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজাও বাতিল করেছেন আদালত। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে আমান দম্পতির পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
সাজা বাতিল হওয়ায় আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করে।
