সফরে পরিবারকে সঙ্গে রাখা সীমিত করায় কোহলির অসন্তোষ
খেলাধুলা ডেস্ক ঃ
অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সফরে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেটে বেশকিছু পরিবর্তন হয়। বিদেশ সফরে গেলে ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে আগের মতো আর সময় কাটাতে পারবেন না বলে জানিয়ে দেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ৪৫ দিন বা তার বেশি সময়ের সফরের ক্ষেত্রে পরিবারের সঙ্গে ১৪ দিনের বেশি সময় থাকতে পারবেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা। এছাড়া সফরের প্রথম দুই সপ্তাহও পরিবারের সঙ্গে থাকা যাবে না। ৪৫ দিনের কম সময়ের সফরে পরিবারের সঙ্গে সময় কাটানো যাবে এক সপ্তাহ।
বিষয়টি নিয়ে গতকাল শনিবার মুখ খুলেছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিদেশ সফরে পরিবারের গুরুত্ব উল্লেখ করে পরিবারের উপস্থিতির ওপর দেওয়া এই বিধি-নিষেধে অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
কোহলি বলেন, ‘বাইরে ঘটে যাওয়া অস্বাভাবিক কিছুর পরে পরিবারের কাছে ফিরে আসাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা মানুষকে বোঝানো খুবই কঠিন। …আমি মনে করি না যে এর মূল্য মানুষ খুব একটা বোঝে। আমি এতে বেশ হতাশা বোধ করি। কারণ এটা এমন যে, কারো (ক্রিকেটার) ওপর (খারাপ) কিছু ঘটলে যাদের কোনো সংযুক্ততা (পরিবার) নেই তাদেরকে আলোচনায় নিয়ে আসা হয় এবং পরে বলা হয়, ‘‘ওহ, তাদেরকে (পরিবার) হয়তো দূরে রাখা দরকার।’’ ’
কোহলি আরও মনে করেন, পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের তাদের পারফরম্যান্স ভালো সাহায্য করে, ‘যদি আপনি কোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি চান যে আপনার পরিবার সর্বদা আপনার পাশে থাকুক?’’ তারা বলবে, ‘‘হ্যাঁ’’। আমি আমার রুমে গিয়ে একা বসে মন খারাপ করতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। এবং তারপরে আপনি সত্যিই আপনার খেলাটিকে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করতে পারেন। আপনি সেই দায়িত্ব শেষ করেন এবং আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন।’
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। এই সময়ে কোহলিকে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে দুবাইতে দেখা গেছে। ভারতের শেষ তিনটি ম্যাচে তিনি স্ট্যান্ডেও ছিলেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহ এবং মেয়ে সামাইরাও ভারতের ট্রফি জয়ের সময় উপস্থিত ছিলেন।
