ধর্ষণচেষ্টায় খুন হন উপাধ্যক্ষ সাইফুর রহমান : পুলিশ
আশ্রয়প্রার্থী তরুণীকে শ্লীলতাহানি করায় রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়াকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, ওই দম্পতির দুজনেরই বয়স ২৫–এর কম। তাদের অসহায়ত্ব দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। দুজনকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান উত্তরখানে তার ভাড়া বাসায়।
গ্রেপ্তার দম্পতি হলেন—মো. নাজিম হোসেন (২১) ও রুপা বেগম ওরফে জান্নাতি (২৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। এর আগে নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, একটি চাকু ও রক্তমাখা জামা–কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়।
বুধবার (১২ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন। গত সোমবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় গত ১১ মার্চ হত্যা মামলা করেন।
মামলার এজাহারে সাইফুরের ভাই উল্লেখ করেন, সাইফুর উত্তরখানের পুরানপাড়া বাতান এলাকায় স্ত্রীর পৈতৃক আড়াই শতক সম্পত্তিতে বাড়ি নির্মাণাধীন থাকায় ৩–৪ মাস ধরে কাছেই একটি ভাড়া বাসায় থাকছিলেন।
