সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন
সমন্বয়ক পরিচয়ে বা বৈষম্যবিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৮ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানায় সংগঠনটি।
স্ট্যাটাসে বলা হয়েছে, সমন্বয়ক পরিচয়ে কিংবা বৈষম্যবিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দিন।
এর আগে, শুক্রবার (৭ মার্চ) বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এদিন রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কোটা সংস্কার পরবর্তীতে শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনও সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।
