শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিলের ঘোষণার পরদিনই ভিসার মেয়াদ বাড়ানোর খবর দিল ভারতীয় গণমাধ্যম। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (৮ জানুয়ারি) আনন্দবাজার অনলাইনে ‘শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল নয়াদিল্লি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
খবরে বলা হয়, দুই দিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহঅভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়।
তবে দিল্লির কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ‘কূটনৈতিক’ নয়, ‘আইনি’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, বাংলাদেশের বার্তার সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে।
সূত্রের খবর, দিল্লির ‘ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের’ (এফআরআরও) মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। আর এ কারণে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনও প্রশ্নই উঠছে না ভারতের পক্ষ থেকে।
প্রসঙ্গত, ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইন না থাকায় এফআরআরও–র মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ছাড়া জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও আছে।’
